ইসলামি পঞ্জিকা ও সময়
বয়ঃসন্ধির আগে শিশুদের নামাজ শেখাবেন কীভাবে?
ভালোবাসা, ধৈর্য ও নিজের উদাহরণ দিয়ে শিশুদের নামাজে অভ্যস্ত করার বাস্তব নির্দেশনা।

বয়ঃসন্ধির আগে শিশুদের নামাজ শেখানো মা-বাবার দেওয়া মূল্যবান উপহারগুলোর একটি। বয়ঃসন্ধির পর নামাজ ফরজ হয়; তবে তার অনেক আগে থেকেই ভালোবাসা, ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে নামাজের পরিচয় করানো জরুরি।
শিশু নামাজকে চাপের বদলে শান্তি ও আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার পথ হিসেবে দেখলে পরবর্তী জীবনেও নিয়মিত নামাজ পড়ার ভিত্তি মজবুত হয়। এখানে পরিবারে প্রয়োগযোগ্য সহজ পদ্ধতিগুলো আলোচনা করা হয়েছে।
বয়ঃসন্ধির আগে নামাজ শেখানো কেন গুরুত্বপূর্ণ?
শিশুরা নির্দেশের চেয়ে অভ্যাস ও দেখে শেখে বেশি। ছোটবেলা থেকে নামাজের চর্চা আল্লাহর সঙ্গে সম্পর্ক, নামাজের সময়ের সঙ্গে পরিচিতি, দৈনন্দিন জীবনে ইবাদতের গুরুত্ব এবং পরবর্তীতে ধর্মীয় দায়িত্ব গ্রহণের প্রস্তুতি গড়ে তোলে। উদ্দেশ্য শেখানো, শুধু চাপ দেওয়া নয়।
ভয় নয়, ভালোবাসা দিয়ে শুরু করুন
নামাজকে দোয়া, কৃতজ্ঞতা ও প্রশান্তির সুন্দর ইবাদত হিসেবে পরিচয় করান। প্রশিক্ষণের সময় 'নামাজ না পড়লে গুনাহ হবে' বা 'আল্লাহ রাগ করবেন' বলে ভয় দেখাবেন না। বরং বলুন, 'আল্লাহর কাছে প্রার্থনা করা সুন্দর' এবং 'চলো আমরা একসঙ্গে নামাজ পড়ি'।
নিজে আগে উদাহরণ তৈরি করুন
শিশু কথা শোনার চেয়ে কাজ দেখে বেশি শিখে। তাদের সামনে সময়মতো নামাজ পড়ুন, মনোযোগ ও সম্মান বজায় রাখুন এবং অকারণে নামাজ পিছিয়ে দেবেন না। মা-বাবা নামাজকে গুরুত্ব দিলে শিশুও তার গুরুত্ব বুঝতে শেখে।
ধাপে ধাপে নামাজ শেখান
শিশুর বয়স অনুযায়ী বোঝান—আল্লাহ কে, কেন নামাজ পড়ি এবং নামাজ কী। এরপর মজার ও সহজভাবে অজুর ধাপগুলো শেখান, প্রতিটি চেষ্টা প্রশংসা করুন। শুরুতেই পাঁচ ওয়াক্তের চাপ না দিয়ে মাগরিব বা ফজরের একটি নামাজ দিয়ে শুরু করে ধীরে ধীরে অন্যগুলো যোগ করুন। ছোট কিন্তু নিয়মিত পদক্ষেপ ভালো অভ্যাস গড়ে তোলে।

ইতিবাচক উৎসাহ দিন
শুধু নিখুঁতভাবে পড়া নয়, চেষ্টা করারও প্রশংসা করুন। মাঝেমধ্যে উৎসাহের চার্ট ব্যবহার করা যেতে পারে, তবে ইবাদতকে ঘুষ বা লেনদেনে পরিণত করবেন না। ভুল হলে চিৎকার বা অন্যদের সামনে অপমান করবেন না।
নামাজকে পারিবারিক অভ্যাস করুন
ঘরে একসঙ্গে নামাজ পড়লে সম্পর্ক দৃঢ় হয়। শিশুদের মা-বাবার পাশে দাঁড়াতে দিন এবং শেখার উপযোগী সুযোগ দিন। পরিবারের অংশগ্রহণ নামাজকে আনন্দদায়ক ও অর্থপূর্ণ করে।
অভিভাবকদের সাধারণ ভুল এড়িয়ে চলুন
খুব তাড়াতাড়ি কঠোরতা দেখানো, অন্য শিশুর সঙ্গে তুলনা, শুধু ভয় দেখিয়ে উৎসাহ দেওয়া এবং বড়দের মতো মনোযোগ আশা করা ক্ষতিকর হতে পারে। সাময়িক নিখুঁততার চেয়ে নিয়মিত চর্চা ও কোমল আচরণ গুরুত্বপূর্ণ।
উপসংহার
বয়ঃসন্ধির আগে নামাজ শেখানো জোরজবরদস্তি নয়; বরং ইবাদতের প্রতি ভালোবাসা তৈরি করা। ধৈর্য, ধারাবাহিকতা ও সদয় আচরণে নামাজ শিশুর জীবনের স্বাভাবিক অংশ হতে পারে। আগে শুরু করুন, কোমল থাকুন এবং আল্লাহর কাছে বরকত চান।